তারাবি শেষে বাড়ি ফেরার পথে হামলা, জামায়াত কর্মী গুরুতর জখম
তারাবি শেষে বাড়ি ফেরার পথে হামলা, জামায়াত কর্মী গুরুতর জখম।   ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলার ৬ নং বাঘুটিয়া ইউনিয়নের বানীপুর গ্রামে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে জাহান শেখ নামে এক জামায়াত কর্মীর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। 

সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নামাজ শেষে বাড়ির দিকে আসার সময় দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র রামদা ও চাইনিজ কুড়াল দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তার পিঠ, পা ও হাতে একাধিক কোপের আঘাত লাগে। পরিবারের দাবি, তার পায়ের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভুক্তভোগীর স্ত্রী জানান, বাড়িতে অবস্থানকালে বাইরে চিৎকার ও হৈ চৈ শুনে তিনি বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু বাড়ির মূল দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া ছিল। পরে তিনি পেছনের দরজা দিয়ে ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তার স্বামী জাহান শেখকে এলোপাতাড়ি কুপাতে থাকে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর স্ত্রী অভিযোগ করেছেন, হামলায় জড়িতরা স্থানীয় বিএনপির নেতাকর্মী। তবে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে জানা গেছে।