ইরানের পাশে দাঁড়াল চীন
ইরানের পাশে দাঁড়াল চীন।   ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে ইরানের প্রতি জোরালো সমর্থন জানিয়েছে চীন। বেইজিং জানায়, নিজেদের সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষায় ইরানের পাশে তারা থাকবে।

সোমবার (২ মার্চ) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক টেলিফোন আলাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই অবস্থান পরিষ্কার করেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফোনালাপে ওয়াং ই দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের কথা স্মরণ করিয়ে দেন। তিনি স্পষ্টভাবে জানান যে, ইরান তার নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় যেসব প্রচেষ্টা চালাচ্ছে, চীন তার প্রতি পূর্ণ সমর্থন পোষণ করে। এছাড়া আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের বৈধ স্বার্থ রক্ষায় বেইজিং সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে চীনা পররাষ্ট্রমন্ত্রী অবিলম্বে সব ধরনের সামরিক অভিযান বন্ধের আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, এই সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়লে তা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। উত্তেজনা আর না বাড়িয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংযত হওয়ার অনুরোধ জানিয়েছে চীন।

ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক ফোনালাপে ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ উসকে দিয়ে জাতিসংঘের সনদের লক্ষ্য ও নীতি লঙ্ঘন করছে।

ওমানি পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদিকে ওয়াং ই বলেন, চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্ল্যাটফর্ম ব্যবহার করে ন্যায়বিচার প্রতিষ্ঠা, শান্তির চেষ্টা এবং যুদ্ধ বন্ধে গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক।