গাজীপুর, রিসোর্ট, পিকনিক স্পট
অনাকাঙ্ক্ষিত ভিড়, বিশৃঙ্খলা ও সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি এড়াতে চার দিনের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে পিকনিক স্পট।   ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর মহানগর ও আশপাশের উপজেলাগুলোতে সব রিসোর্ট, শুটিং স্পট ও পিকনিক স্পট চার দিনের জন্য সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)।

সম্প্রতি এ–সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। জিএমপি কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ আইন ২০১৮-এর ৩১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আগামী ১০ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত গাজীপুর মহানগরীর নির্বাচনী এলাকায় অবস্থিত সব রিসোর্ট, শুটিং স্পট ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে।

নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এসব স্থাপনায় যেকোনো ধরনের কার্যক্রম পরিচালনা ও জনসমাগম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত ভিড়, বিশৃঙ্খলা ও সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি এড়াতে এবং ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার বলেন, গাজীপুরে ছড়িয়ে–ছিটিয়ে বিপুলসংখ্যক হোটেল, রিসোর্ট ও শুটিং স্পট রয়েছে। নির্বাচনকালে এসব স্থানে লোকসমাগম হলে অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সে কারণে নির্বাচন শুরুর দুই দিন আগে ও শেষের দুই দিন পর পর্যন্ত এসব স্থাপনা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় প্রায় আড়াই শতাধিক রিসোর্ট, শুটিং স্পট ও পিকনিক স্পট রয়েছে। যেখানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে পিকনিক, শুটিং ও ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে নিয়মিত বড় ধরনের লোকসমাগম হয়ে থাকে।