বুদ্ধি প্রতিবন্ধী, ধর্ষণ , নোয়াখালী, মামলা, আদালত, অন্তঃসত্ত্বা,
‎খাবারের লোভ দেখিয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ   ফাইল ছবি

নোয়াখালীর সুবর্ণচরে খাবার খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. ওমর ফারুক ওরফে ড্রাইভার ফারুক (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে চর আমিনুল হক গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়।

পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, কয়েক দিন আগে ভুক্তভোগী তরুণীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তরুণী জানায়, সে ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার পর জানা যায়, প্রায় ছয় মাস আগে বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি বিরিয়ানি খাওয়ানোর কথা বলে তাকে রান্নাঘরে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণ করে। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

ভুক্তভোগীর মা জানান, অভিযুক্ত ব্যক্তি নিয়মিত তাদের বাড়িতে যাতায়াত করত এবং সম্প্রতি একটি রাজনৈতিক দলের প্রতীক নিয়ে ভোট চাইতেও এসেছিল। ঘন ঘন আসা যাওয়ার কারণে তার সন্দেহ হয়। পরে মেয়ের কাছ থেকে পুরো ঘটনা জানতে পারেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।