মো. গিয়াস উদ্দিন তাহেরি
মো. গিয়াস উদ্দিন তাহেরি।   ছবি: সংগৃহীত

নির্বাচনে এমপি হলে ফ্রিতে ওয়াজ করার ঘোষণা দিয়েছেন ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরি। এমন প্রচারণার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি হবিগঞ্জ-৪ আসনের মাধবপুর উপজেলার শাহপুর বাজারে এভাবেই প্রচারণা চালাতে দেখা যায় তাহেরিকে।

শাহপুর বাজারে আকুতিভরা কণ্ঠে তিনি ভোটারদের উদ্দেশে বলে ওঠেন, ‘ভাইজান, বাজান-ভোটটা দিয়েনও। এমপি হইলে মাধবপুরে ফ্রি ওয়াজ।’

এ সময় গিয়াস উদ্দিন তাহেরি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে তার এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ তোলেন। পাশাপাশি দোয়া চেয়ে আরও ১১টি পথসভা করার কথা জানিয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ আসনে ৫ লাখ ৪৫ হাজার ২৭২ জন ভোটার রয়েছেন। ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আছেন এখানে। তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী এসএম ফয়সল ও ইসলামিক ফ্রন্টের মো. গিয়াস উদ্দিন তাহেরী।

অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, বাসদের মো. মুজিবুর রহমান, ইনসানিয়াত বিপ্লবের মো. রেজাউল মোস্তফা, সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রাশেদুল ইসলাম খোকন, মুসলিম লীগের শাহ মো. আল আমিন, স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী ও এসএ সাজন।