বিএনপি, কুমিল্লা
লাকসাম ডায়াগনস্টিক সেন্টারে অবস্থিত ড. সরওয়ার সিদ্দিকীর কার্যালয়ে যান সংসদ সদস্য আবুল কালাম।   ছবি: সংগৃহীত

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী সৈয়দ এ.কে.এম. সরওয়ার সিদ্দিকীর অফিসে ফুল ও মিষ্টি নিয়ে গেছেন।

শনিবার সন্ধ্যায় ইফতারের পর লাকসাম বাইপাস এলাকায় লাকসাম ডায়াগনস্টিক সেন্টারে অবস্থিত ড. সরওয়ার সিদ্দিকীর কার্যালয়ে যান সংসদ সদস্য আবুল কালাম।

এ সময় উভয় নেতার মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। বিজয়ী ও পরাজিত— দুই প্রার্থীর এমন সৌহার্দ্যপূর্ণ আচরণকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা নয়। লাকসাম-মনোহরগঞ্জের মানুষ তাকে শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশায় নির্বাচিত করেছেন। এ অঞ্চলকে দেশের অন্যতম শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করবেন বলেও জানান।

অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ এ.কে.এম. সরওয়ার সিদ্দিকী বলেন, নবনির্বাচিত সংসদ সদস্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এ উদ্যোগ ইতিবাচক রাজনীতির ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।