জ্বালানি তেল, তেল, সঙ্কট, পাচার, তেল পাচার, বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ড, সারদেশ,
বিজিবির অভিযানের একটি দৃশ্য।   ছবি: আরটিএনএন

জ্বালানি তেল পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গা সীমান্তে জনবল বৃদ্ধি ও তল্লাশি জোরদার করেছে। শনিবার (৭ মার্চ) থেকে দর্শনা আইসিপিসহ অন্যান্য সীমান্তে তেল পাচার রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি সদস্যরা বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন তল্লাশি করছেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। আন্তর্জাতিক বাজারে এই অস্থিরতার সুযোগে কিছু অসাধু চক্র দেশে কৃত্রিম সংকট সৃষ্টি ও অধিক মুনাফার আশায় জ্বালানি তেল মজুত বা পাচারের চেষ্টা করতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাচার রোধে ৬ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় দর্শনা, আইসিপিসহ চুয়াডাঙ্গা জেলার সীমান্তে জনবল বৃদ্ধি, টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি করা হচ্ছে। বিশেষ করে অতীতে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা যেসব রুটে হয়েছে, সেখানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদস্যরা সীমান্তে কোনোভাবেই জ্বালানি তেল পাচার হতে না পারে তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। নিয়মিত টহলের পাশাপাশি সন্দেহজনক যেকোনো চলাচলের ওপর কঠোর নজর রাখা হচ্ছে।