দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২৪ ঘণ্টায় একই পরিবারের ১১ জনসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বাগেরহাট, যশোর, মাদারীপুর ও মানিকগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। এছাড়া সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে।
বাগেরহাট
বাগেরহাটের রামপালে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মাইক্রোবাস ও নৌবাহিনীর একটি স্টাফ বাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বর-কনে, চার শিশু এবং একই পরিবারের একাধিক সদস্য রয়েছেন।
বৃহস্পতিবার উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের শ্যাওলাবুনিয়া এলাকায় বেলাই ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে বর-কনেবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাটাখালি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কে এম হাসানুজ্জামান জানান, নিহতদের মধ্যে মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক, তার স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, চার নাতি, কনে ও তার এক স্বজন রয়েছেন। এছাড়া মাইক্রোবাসের চালকও নিহত হয়েছেন।
যশোর
যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের কবির (৩০) ও হানিফ।
পুলিশ জানায়, তারা একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে খাজুরা থেকে মাগুরার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কবির মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর হানিফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মাদারীপুর
মাদারীপুর সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বাহাদুরপুর ইউনিয়নের কালিগঞ্জ নবাব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাইফুল ইসলাম (৩৩) ও নাজমুল খান (১৭)।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মানিকগঞ্জ
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পল্লী চিকিৎসক মোনায়েম খান (৫০) ও তার স্ত্রী জ্যোৎস্না আক্তার (৪৫)।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সিরাজগঞ্জ
এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলব্রিজে ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘাটিনা রেলব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বেলকুচি উপজেলার আলফে সানি ও আক্তার ফয়সাল। তারা সম্পর্কে খালাতো ভাই।
স্থানীয়রা জানান, রেলব্রিজের ওপর দাঁড়িয়ে শিমুল ফুলের ছবি তুলছিলেন তারা। এ সময় দ্রুতগামী একটি ট্রেন এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!