ঢাকা-চট্টগ্রাম, ফেভিকল কোম্পানি
ফেভিকল কোম্পানির আঠা তৈরির কাঁচামালবাহী একটি কাভার্ডভ্যান মহাসড়কে উল্টে গেছে।    ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বক্তারপাড়া এলাকায় ফেভিকল কোম্পানির আঠা তৈরির কাঁচামালবাহী একটি কাভার্ডভ্যান উল্টে গেছে। 

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে ঘটে এই দুর্ঘটনা। তবে এতে কেউ গুরুতর আহত হননি।

দুর্ঘটনার পর ঢাকামুখী মহাসড়কের অর্ধেক অংশে ভ্যানটি উল্টে পড়ে এবং কিছু ড্রাম সড়কে ছড়িয়ে পড়ে। ড্রাম থেকে বের হওয়া আঠা তৈরির কাঁচামালের কারণে সড়কের কিছু অংশ সাদা হয়ে গেছে। কয়েকজন শ্রমিক তা সরানোর চেষ্টা করছেন।

ভ্যানের চালক সুজন কুমার নাথ জানান, তিনি চট্টগ্রামের পতেঙ্গা থেকে ৩৯টি ড্রাম আঠার কাঁচামাল নিয়ে মুন্সিগঞ্জ যাচ্ছিলেন। পথের এক পর্যায়ে গাড়ির পেছনের ডালা খুলে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়। তিনি ও তাঁর সহকারী সামান্য আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক আবদুল মতিন জানান, ভ্যান উল্টে যাওয়ায় কিছু সময়ের জন্য যানজট তৈরি হয়। পরে পুলিশ ও শ্রমিকরা কাঁচামাল সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ভ্যানটি রেকার গাড়িতে তুলে থানায় নেওয়া হচ্ছে।