হত্যা
উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে।   ছবি: আরটিএনএন

ময়মনসিংহের তারাকান্দায় ক্রিকেট খেলতে নিষেধ করায় ফখর উদ্দিন (৫৫) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার কাকনি ইউনিয়নের বগিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফখর উদ্দিন ওই এলাকার মৃত আমছর আলীর ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে আজিজুল ইসলাম বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছে।
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাকনি ইউনিয়নের বগিরপাড়া এলাকায় নিহত ফখর উদ্দিনের বাড়ির পাশে মুদির দোকান আছে।

ফখর উদ্দিনের দোকান পরিচালনা করতেন। দোকানের পাশে মাঠের মতো খালি জায়গা ছিল। ওই মাঠে এলাকার ছেলেরা ক্রিকেট খেলতো। ঘটনার সময় ক্রিকেট বল বারবার দোকানে আসায় ক্ষিপ্ত হয়ে ছেলেদের দূরে গিয়ে খেলতে বলেন ফখর উদ্দিন।

এ নিয়ে দুই পক্ষের কথাকাটার একপর্যায়ে মারামারি হলে প্রতিপক্ষরা ফখর উদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভির আহমেদ বলেন, মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের ছেলে আজিজুল ইসলাম বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছে। ঘটনার সাথে জড়িত সবাই পলাতক রয়েছে।