কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খুন, তরুণী পুলিশি হেফাজতে, সারাদেশ, কক্সবাজার, খোরশেদ আলম, সাবেক সমন্বয়ক,
বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম।   ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরের সমুদ্রসৈকত সংলগ্ন ঝাউবাগান এলাকায় ছুরিকাঘাতে খোরশেদ আলম নামে এক তরুণ নিহত হয়েছেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কবিতা চত্বর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলম কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইউসুলুলঘোনা এলাকার শাহ আলমের ছেলে। তিনি ছাত্রদলের রাজনীতিতে জড়িত ছিলেন, তবে কোনো পদপদবি পাননি। ছুরিকাঘাতের সময় তার সঙ্গে থাকা তারিন নামের এক তরুণীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তারিনও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমি উদ্দিন জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় খোরশেদ আলমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে কবিতা চত্বর এলাকায় দুই যুবক খোরশেদ আলমের ওপর হামলা চালান এবং তাকে পেট, পা ও শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করেন।

খবর পেয়ে দিবাগত রাত সোয়া একটার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন বলেন, খোরশেদ আলমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান উল্লেখ করেন, কবিতা চত্বর ও সৈকত এলাকায় পর্যাপ্ত পুলিশের টহল নেই, যা হত্যাকাণ্ডের জন্য উদ্বেগজনক।

জেলা এনসিপির মুখপাত্র ও জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. খালেদ বিন সাঈদ পুলিশকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য আহ্বান জানান। কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওসমান সরওয়ারও হত্যাকারীদের গ্রেপ্তার করার দাবি তোলেন।

আরবিএ/আরটিএনএন