রাঙামাটি, যাত্রীবাহী বাস
রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে যাত্রীবাহী বাস চট্টগ্রাম যাওয়ার পথে সাপছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।   ছবি: সংগৃহীত

রাঙামাটিতে যাত্রীবাহী বাস উল্টে আহত হয়েছেন ১৯ জন যাত্রী। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে রাঙামাটি চট্টগ্রাম মহা-সড়কের সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে ১০ জনকে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হলে। এছাড়া, বাকি আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়।

আহতরা হলেন- রনেল চাকমা (২৪), অন্তরা চাকমা (২৪), তুয়েল চাকমা (৩০), সবিনয় চাকমা (৩৫), দয়ারানী চাকমা (৩০), সুচরিতা চাকমা (২৭), রিপন চাকমা (৩৪), শুভদেবী চাকমা (২০), বিপিন চাকমা (২৬), শেফালিকা চাকমা (৫৫), ভূবেনতু চাকমা (১৯), সুয়েলতু চাকমা (২৮), বিটনা চাকমা (২৬), রিপ রিপ চাকমা (৭মাস), খোতন চাকমা (২৭), জয়া চাকমা (২২), শান্তিময় চাকমা (৫০), ফর্সা চাকমা (৩৩) ও তুহিন চাকমা (২৬)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে যাত্রী নিয়ে একটি বাস চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। বাসটি রাঙামাটির সাপছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ঘটনাস্থলে যাত্রীসহ বাসটি উল্টে যায়। এ সময় বাসে থাকা প্রায় ১৯ জন নারী-পুরুষ যাত্রী আহত হয়।

এদিকে, বাস দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় রাঙামাটি ফায়ার সার্ভিসের বিশেষ দল। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাদের দ্রুত সেবা প্রদান করেন। 

রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে (আরএমও) ডা. সওকত আকবর চৌধুরী গণমাধ্যমকে জানান, আহত অবস্থায় ১৯ জনকে হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হয়। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি ১০ জন ভর্তি রয়েছে হাসপাতালে। আর বাকি আটজনকে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়।