জাতীয় দিবস
পঞ্চগড়ের আটোয়ারীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত।   ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।

ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবীর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে এক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান এবং উপজেলা প্রকৌশলী মো. ফয়সাল।

মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. পশিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম, মো. জাহেদুর রহমান ও জ্যোতিষ চন্দ্র বর্মন। 

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহেদ ও সাধারণ সম্পাদক কাজী মো. নজরুল ইসলাম দুলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিবসটি উপলক্ষে স্থানীয় হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এদিকে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আটোয়ারী উপজেলা শাখার উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। উপজেলা আমির মো. ইউনুস আলী খানের নেতৃত্বে র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।