কালবৈশাখীর তাণ্ডবে চুয়াডাঙ্গায় ফসলের ব্যাপক ক্ষতি।
কালবৈশাখীর তাণ্ডবে চুয়াডাঙ্গায় ফসলের ব্যাপক ক্ষতি।   ছবি: আরটিএনএন

এক ঘণ্টার কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে চুয়াডাঙ্গার বিস্তীর্ণ কৃষিজমির ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। মাঠজুড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে কৃষকের সোনালি স্বপ্ন।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে এ ঝড় আঘাত হানে। ঝড়ে ভুট্টা গাছ এবং ধানের শীষ নষ্ট হয়ে গেছে। আমের গুটি ঝরে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ভুট্টা চাষিরা-অনেকের খেত প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় মোট ৯৭ হাজার ৩৬৯ হেক্টর আবাদি জমির মধ্যে অন্তত ৩৯৫ হেক্টরের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ভুট্টা ২৬৩ হেক্টর, বোরো ধান ৬০ হেক্টর, কলা ৪১ হেক্টর, পেঁপে ১১ হেক্টর, আম ৫ হেক্টর, সবজি ১২ হেক্টর এবং পান ৩ হেক্টর জমি রয়েছে।

মাঠপর্যায়ে দেখা গেছে, অনেক কৃষক তাদের ক্ষতিগ্রস্ত খেতের পাশে দাঁড়িয়ে হতাশায় ভেঙে পড়েছেন। কয়েক মাসের শ্রম, বিনিয়োগ ও আশা মুহূর্তেই নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। সামনে কীভাবে এই ক্ষতি পুষিয়ে উঠবেন, সেটিই এখন তাদের প্রধান উদ্বেগ।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মিঠু চন্দ্র অধিকারী বলেন, ঝড়-বৃষ্টির ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে মাঠপর্যায়ে কাজ চলছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে, ঝড়ের সময় জেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে সড়ক যোগাযোগেও সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়।