আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড।
আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড।   ছবি: আরটিএনএন

পঞ্চগড়ের আটোয়ারীতে গাঁজাসহ হাতেনাতে আটক দুই মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বড়দাপ ঘোষপাড়া এলাকার দারাজ আলীর ছেলে স্বাধীন (২০) এবং রাধানগর গ্রামের দবিরুল ইসলামের ছেলে আনছারুল ইসলাম (৩৮)। আদালতের রায়ে আনছারুল ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং স্বাধীনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, মঙ্গলবার (৭ এপ্রিল)  দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার একটি বিশেষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় উপজেলা বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ওই দুই মাদক ব্যবসায়ীকে গাঁজা সহ হাতে-নাতে আটক করা হয়।

পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।