ভোজ্যতেল নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে মানববন্ধন, সারাদেশ, পাবনা, ভোজ্যতেল, মানববন্ধন, নিন্ডিকেট, ক্যাব,
বাজার থেকে ভোজ্যতেল উধাও হয়ে যাওয়ার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন।   ছবি: আরটিএনএন

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল উধাও হয়ে যাওয়ার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাব পাবনা জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমান।

ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আল কামালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট কামরুন্নাহার জলি, পাবনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ড. নরেশ মধু, পাবনা কলেজের শিক্ষক ড. আলমগীর হোসেনসহ অনেকে।

বক্তারা বলেন, বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি করেছে অসাধু ব্যবসায়ীরা। অধিক মুনাফার আশায় একটি ব্যবসায়ী সিন্ডিকেট এ অপকর্মে জড়িত। এই সিন্ডিকেটকে চিহ্নিত করে বাজারের কৃত্রিম সংকট দূর করতে না পারলে সাধারণ ক্রেতারা ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারবে না। এটি ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। তারা দ্রুত প্রশাসনের বাজার মনিটরিং জোরদার ও তদারকি বাড়ানোর আহ্বান জানান।

মানববন্ধনে পাবনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।