ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ডে বদলে গেছে ফিলিং স্টেশনের চিত্র, সারাদেশ, ফুয়েল কার্ড, তেল, জ্বালানি, পাম্প,
ঠাকুরগাঁও জেডি ফিলিং স্টেশন-২-এ তেল নেওয়ার চিত্র।   ছবি: আরটিএনএন

জ্বালানি তেলের সরবরাহে শৃঙ্খলা ফেরাতে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের নেওয়া ফুয়েল কার্ড উদ্যোগ ইতিবাচক ফল দিচ্ছে। দীর্ঘ লাইনের ভোগান্তি ও বিশৃঙ্খলা কাটিয়ে এখন স্বস্তিতে তেল নিচ্ছেন বৈধ মোটরসাইকেল চালকেরা। বিশেষ এই কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলকে তেল দেওয়া হচ্ছে না।

বুধবার (৮ এপ্রিল) পীরগঞ্জ উপজেলার কেউটগাঁও এলাকায় অবস্থিত জেডি ফিলিং স্টেশন-২-এ সরেজমিনে গিয়ে দেখা যায়, একসময় যেখানে তেলের জন্য হুড়োহুড়ি ও দীর্ঘ লাইন লেগে থাকত, সেখানে এখন সুশৃঙ্খলভাবে তেল নিচ্ছেন চালকেরা।

ফিলিং স্টেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত ট্যাগ অফিসার উপস্থিত থেকে প্রতিটি মোটরসাইকেলের ফুয়েল কার্ড যাচাই করছেন। কার্ড সঠিক থাকলেই মিলছে পেট্রোল ও অকটেন। ফলে কমেছে দীর্ঘ লাইন।

তেল নেওয়ার দীর্ঘ বিড়ম্বনা থেকে মুক্তি পেয়েছেন কার্ডধারী মোটরসাইকেল চালকেরা। তেল নিতে আসা চালকেরা জানান, আগে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। এখন কার্ড দেখানোর সঙ্গে সঙ্গেই দ্রুত তেল পাওয়া যাচ্ছে। এতে সময় ও শ্রম—দুটোই কমেছে।

জেডি ফিলিং স্টেশনের মালিক জয়নাল আবেদিন প্রশাসনের এ উদ্যোগকে প্রশংসনীয় বলে মন্তব্য করেন।