জয়পুরহাটে অবৈধ মজুদকৃত তেল উদ্ধার, জরিমানা, সারাদেশ, তেল মজুত, জ্বালানি, তেল, অবৈধ মজুত তেল, জ্বালানি মজুত, জয়পুরহাট,
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুতকৃত তেল উদ্ধার করা হেয়েছে।   ছবি: আরটিএনএন

জয়পুরহাট সদর উপজেলার জামালগঞ্জ এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ এবং ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম তানভীর উল আলম।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী একটি ফিলিং স্টেশনের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সড়ক পরিবহন আইন, ২০১৯ অনুযায়ী ট্রাফিক বিধি লঙ্ঘনের দায়ে চারজন মোটরসাইকেল চালককে মোট ২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। এতে মোট ১২ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়, যা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (৬ এপ্রিল) জয়পুরহাটের ডালিম ফিলিং স্টেশনসহ বিভিন্ন পাম্পে চরম বিশৃঙ্খলা ও নজিরবিহীন ভোগান্তির চিত্র দেখা যায়। ভোর থেকে লাইনে দাঁড়িয়েও শত শত মানুষ তেল পাননি; লাইনের শেষ ছিল না।

চরম ভোগান্তির মধ্যেও অবৈধ তেল মজুদ ও ট্রাফিক আইন লঙ্ঘনের মতো অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত সমাধানের মাধ্যমে জনগণের ভোগান্তি লাঘবে এ উদ্যোগকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারা।