একদিকে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তির ইঙ্গিত, অন্যদিকে তেহরানের মিত্রদের প্রতি কড়া হুমকি সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরবিরোধী দুটি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একদিকে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তির ইঙ্গিত, অন্যদিকে তেহরানের মিত্রদের প্রতি কড়া হুমকি সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরবিরোধী দুটি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   ছবি: আরটিএনএন

একদিকে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তির ইঙ্গিত, অন্যদিকে তেহরানের মিত্রদের প্রতি কড়া হুমকি — সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরবিরোধী দুটি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৮ এপ্রিল) ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দুটি ভিন্ন পোষ্টে এমন তথ্য জানান তিনি।

ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে সতর্ক করে বলেছেন, যে দেশ ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করবে, সেই দেশের যুক্তরাষ্ট্রে রপ্তানি করা সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তিনি স্পষ্ট করে বলেছেন, এই ক্ষেত্রে কোনো ব্যতিক্রম বা ছাড় থাকবে না।

একই সময়ে ট্রাম্প আরও জানিয়েছেন, ইরানকে শুল্ক ও নিষেধাজ্ঞায় ছাড় দেওয়া হবে। তিনি দাবি করেছেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফার মধ্যে 'অনেকগুলো বিষয়েই ইতিমধ্যে সম্মতি হয়েছে।'

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন দুই দেশের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং কূটনৈতিক আলোচনার পথ আংশিকভাবে খুলেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ট্রাম্পের এই দাবি বা মন্তব্যের বিষয়ে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বিশ্লেষকেরা বলছেন, একই সময়ে হুমকি ও সুবিধার প্রস্তাব দেওয়ার এই কৌশল ট্রাম্পের চাপ প্রয়োগের পরিচিত ধরন। তবে তেহরান এই প্রস্তাবে কীভাবে সাড়া দেয়, তার ওপরই নির্ভর করছে সামনের পরিস্থিতি।

সূত্র: আল জাজিরা