যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেই একটি প্রশ্ন বার বার সামনে আসছে। তা হলো এই চুক্তির আওতায় লেবানন আছে কি নেই? ইরান ও মধ্যস্থতাকারী পাকিস্তান বলছে হ্যাঁ, ইসরায়েল বলছে না। আর মাঠের বাস্তবতা বলছে, লেবাননে হামলা থামেনি।
মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছে দুই সপ্তাহের এই যুদ্ধবিরতি লেবাননেও প্রযোজ্য হবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলও বলেছে, যুক্তরাষ্ট্র 'লেবাননের ইসলামিক রেজিস্ট্যান্সসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের' বিষয়ে মৌলিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সব পক্ষ। ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানাচ্ছে ইরানের ১০ দফা কাঠামোতে ইরান, লেবানন, ইরাক ও ইয়েমেনে সংঘাত বন্ধের কথা স্পষ্টভাবে উল্লেখ আছে।
কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ঘোষণায় লেবাননের কথা একবারও উল্লেখ করেননি। তিনি শুধু বলেছেন, ইরানের ১০ দফা কাঠামো 'কার্যকর' মনে হচ্ছে।
যুদ্ধবিরতি ঘোষণার প্রায় চার ঘণ্টা পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে বিবৃতি আসে। সেখানে বলা হয়, ইসরায়েল ট্রাম্পের ইরানে হামলা 'স্থগিত' রাখার সিদ্ধান্তকে সমর্থন করে, তবে 'দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয়।' ইসরায়েলের সামরিক বাহিনীও জানিয়েছে, ইরানে হামলা স্থানীয় সময় ভোর ৩টা থেকে বন্ধ রাখা হয়েছে, কিন্তু হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চলছে।
মাঠের পরিস্থিতি ইসরায়েলের অবস্থানকেই প্রতিফলিত করছে। যুদ্ধবিরতি ঘোষণার পরও বুধবার ভোরে ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের সুর শহরে হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় আটজন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন। শহরের সমুদ্রতটে একটি ক্যাফেতেও আঘাত লেগেছে। দক্ষিণ লেবানন ও পূর্বের বেকা গভর্নরেটের গ্রামগুলোতেও ভারী বোমাবর্ষণের খবর পাওয়া যাচ্ছে।
এই পরিস্থিতিতে লেবাননের সেনাবাহিনী বাস্তুচ্যুত মানুষদের এখনই দক্ষিণ লেবাননে ফিরে না যেতে অনুরোধ করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী টায়ার শহরের বাসিন্দাদের আগামী হামলার আগে সরে যেতে বলেছে।
আন্তর্জাতিক মহলেও এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস বলেছেন, যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে ইসরায়েলের হামলা 'অগ্রহণযোগ্য।' ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বলেছেন, প্যারিস চায় এটি 'সম্পূর্ণভাবে লেবাননকেও অন্তর্ভুক্ত করুক।'
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির পর চলতি বছরের ২ মার্চ ইসরায়েল লেবাননে পূর্ণমাত্রায় আক্রমণ পুনরায় শুরু করে। এরপর থেকে ইসরায়েলি বিমান হামলায় প্রায় দেড় হাজার মানুষ নিহত এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে।
সূত্রঃ মিডল ইস্ট আই।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!