দর্শনায় প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ আলমগীর খান নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ।
দর্শনায় প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ আলমগীর খান নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ।   ছবি: আরটিএনএন

চুয়াডাঙ্গার দর্শনায় প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ আলমগীর খান নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬টায় দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি দর্শনা মোবারক পাড়ার মৃত বাদল খানের ছেলে।

সোমবার সকাল সোয়া ৯টায় বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা এলাকা দিয়ে স্বর্ণ চোরাচালানের তথ্য পায় বিজিবি। তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পনা অনুযায়ী ভোরে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ টহল দল। এ সময় একজন ব্যক্তি বাংলাদেশ থেকে সীমান্তবর্তী ওই এলাকা অতিক্রম করে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। তবে তিনি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে টহল দল ধাওয়া দিয়ে তাকে আটক করে। পরে উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি করে কোমরে খাকি স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট দুটি খুলে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। এছাড়া চোরাচালানে ব্যবহৃত একটি রিয়েলমি কোম্পানির মোবাইল ফোন জব্দ করা হয়।

উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।