জ্বালানি সংকটে কি ফিরছে অনলাইন ক্লাস?
জ্বালানি সংকটে কি ফিরছে অনলাইন ক্লাস?   ছবি: আরটিএনএন

ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষাক্ষেত্রে অনলাইন ক্লাসের ব্যবহার বেড়েছে। সম্প্রতি জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। এ পরিস্থিতিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে ভিন্ন মতামত ও অভিজ্ঞতা।

সরকারের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। শিক্ষামন্ত্রী ডা. এএনএম এহসানুল হক মিলন জানিয়েছেন, জ্বালানি সংকট ও বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস চালুর বিষয়টি সরকার বিবেচনা করছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।  

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে সপ্তাহে ছয় দিনের ক্লাসের মধ্যে তিন দিন অনলাইনে এবং তিন দিন সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান চালুর একটি প্রস্তাবও আলোচনা করা হচ্ছে। এর মাধ্যমে জ্বালানি ব্যবহার কমানো এবং শিক্ষাব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করা হবে।  

বৃহস্পতিবার ( ০২ এপ্রিল) ঢাকার একটি বেসরকারি কলেজের প্রভাষক মো. আরিফুল ইসলাম বলেন, “অনলাইন ক্লাসের মাধ্যমে দূরে থেকেও শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হচ্ছে। অনেক সময় ক্লাসের নোট, প্রেজেন্টেশন বা রেকর্ডেড লেকচার শেয়ার করা সহজ হয়। তবে সরাসরি শ্রেণিকক্ষের মতো সব শিক্ষার্থীকে সমানভাবে সক্রিয় রাখা একটু কঠিন।”

শিক্ষার্থীদের মধ্যেও অনলাইন ক্লাস নিয়ে ভিন্ন মত দেখা যায়। রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া রহমান বলেন, “বাসা থেকে ক্লাস করার সুবিধা আছে, যাতায়াতের সময় বাঁচে। কিন্তু অনেক সময় ইন্টারনেট সমস্যার কারণে ক্লাস ঠিকমতো করা যায় না।”

একই বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী তানভীর হাসান বলেন, “অনলাইন ক্লাসে অনেক সময় ঠিকমতো মনোযোগ ধরে রাখা যায় না। বাসার পরিবেশে নানা ধরনের বিঘ্ন থাকে, ফলে ক্লাসে ফোকাস করা কঠিন হয়ে পড়ে।”

অন্যদিকে, অভিভাবকরাও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন অভিভাবক মাহমুদা আক্তার বলেন, “অনলাইন ক্লাসের কারণে সন্তানকে বাসায় রেখেই পড়াশোনার সুযোগ হচ্ছে। তবে দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটার ব্যবহার করায় চোখ ও স্বাস্থ্যের দিকটি নিয়েও চিন্তা থাকে।”

এ বিষয়ে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিয়া ইয়াসমিন বলেন, “অফলাইন ক্লাসেও অনেক সময় শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা শিক্ষকেদের জন্য চ্যালেঞ্জিং হয়ে থাকে। সেখানে অনলাইন মাধ্যমে সবাইকে একইভাবে সম্পৃক্ত রাখা আরও কঠিন। তারপরও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে অনলাইন শিক্ষাকে কার্যকর করা সম্ভব।