বিজিবি, বগুড়া-৬
আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণের দিনসহ পূর্ব ও পরবর্তী সময় মিলিয়ে ১১ এপ্রিল পর্যন্ত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা   ছবি: আরটিএনএন

আসন্ন বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষায় ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, বিজিবি সদস্যরা আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণের দিনসহ পূর্ব ও পরবর্তী সময় মিলিয়ে ১১ এপ্রিল পর্যন্ত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এবং পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে মোতায়েনকৃত সদস্যরা বগুড়া সদর উপজেলার তিনটি বেইজ ক্যাম্পে অবস্থান নিয়ে দায়িত্ব পালন শুরু করেছেন।

দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা নির্বাচনের আগে, ভোটগ্রহণের দিন এবং পরবর্তী সময়ে টহল জোরদার করার পাশাপাশি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে মাঠে কাজ করবেন। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে তারা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন বলে জানানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সবসময় বেসামরিক প্রশাসনকে সহায়তা করে থাকে। এরই ধারাবাহিকতায় এই উপনির্বাচনেও তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। সংশ্লিষ্টদের আশা, সম্মিলিত প্রচেষ্টায় ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ধানের শীষ প্রতীকে বিজয়ী হন। পরবর্তীতে তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।