শপিংমল, জ্বালানি
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।   ছবি: সংগৃহীত

ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে দেশের দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময়সীমা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার।

রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সন্ধ্যা ৬টার মধ্যে দেশের সব দোকানপাট ও শপিংমল বন্ধ করার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা।

তবে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে ব্যবসায়ীরা রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি চান। এ বিষয়ে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি-এর নেতারা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধও জানান।

ব্যবসায়ীরা প্রস্তাব দেন, প্রয়োজনে সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় দোকান খোলা হবে, তবে সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা চালানোর সুযোগ দেওয়া হোক।

সরকার শেষ পর্যন্ত সময়সীমা এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত নির্ধারণ করেছে, যা জ্বালানি সাশ্রয় এবং ব্যবসা—উভয়ের মধ্যে একটি সমন্বয় হিসেবে দেখা হচ্ছে।