গৃহবন্দি
ভোলাহাটে চলাচলের রাস্তা বন্ধ করে একটি পরিবারকে গৃহবন্দি।   ছবি: আরটিএনএন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে চলাচলের রাস্তা বন্ধ করে একটি পরিবারকে গৃহবন্দি করে রাখার অভিযোগ পাওয়া গেছে। 

রোববার (৫ এপ্রিল) দুপুরে ঘটনাস্থলে গিয়ে টিনের বেড়া উচ্ছেদ করে পরিবারটিকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করেছে উপজেলা প্রশাসন। 

উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নের ঝাউবনা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, ঝাউবনা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে কৃষক মো. গোলাম মোস্তফা তাঁর অন্তঃসত্ত্বা মেয়ে ও শিশুসহ পরিবারের পাঁচ সদস্য নিয়ে দীর্ঘদিন ধরে একটি সরকারি রাস্তা ব্যবহার করে আসছিলেন। কিন্তু পূর্বশত্রুতার জেরে গত ৩১ মার্চ প্রতিবেশী মো. জমির আলী ও তাঁর লোকজন রাস্তাটি বন্ধ করে দেওয়ার হুমকি দেন।

এ ঘটনায় প্রতিকার চেয়ে ১ এপ্রিল ভোলাহাট থানায় অভিযোগ করেন গোলাম মোস্তফা। কিন্তু অভিযোগের পরদিন ২ এপ্রিল প্রতিপক্ষ ওই রাস্তায় টিনের বেড়া দিয়ে চলাচলের পথ সম্পূর্ণ বন্ধ করে দেয়। এতে পরিবারটি কার্যত গৃহবন্দি হয়ে পড়ে।

রোববার গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মাহমুদ। তিনি তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) মো. সানাউল মোর্শেদকে ঘটনাস্থলে পাঠান। দুপুরে সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে উপস্থিত হয়ে অবৈধভাবে দেওয়া টিনের বেড়া অপসারণ করেন এবং সরকারি রাস্তাটি অবমুক্ত করেন।

অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন কৃষক গোলাম মোস্তফা। তিনি বলেন, ইউএনও স্যার আমার মতো একটা গরিব ও অসহায় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন, এতে আমি খুব খুশি। আল্লাহ একজন ভালো মানুষ পাঠিয়ে আমাদের এই বিপদ থেকে মুক্ত করেছেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. সানাউল মোর্শেদ জানান, জনসাধারণের চলাচলের পথ বন্ধ করার কোনো সুযোগ নেই। সরকারি রাস্তা দখল বা কাউকে এভাবে অবরুদ্ধ করা আইনত অপরাধ। ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সজাগ রয়েছে।