তেল
পুলিশের ভুয়া পরিচয় দিয়ে জ্বালানি তেল নিতে গিয়ে তৌহিদুর রহমান আটক।   ছবি: আরটিএনএন

রাজশাহী মহানগরীর একটি পেট্রোল পাম্পে পুলিশের ভুয়া পরিচয় দিয়ে জ্বালানি তেল নিতে গিয়ে তৌহিদুর রহমান (২৯) নামে এক যুবক আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

রোববার (৫ এপ্রিল) নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন গুল গফুর পেট্রোল পাম্পে এই অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত তৌহিদুর রহমান নগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার মো. মোবারক হোসেনের ছেলে।

অভিযান সূত্রে জানা গেছে, তৌহিদুর নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে নিয়ম ভেঙে গুল গফুর পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করেন। তার আচরণে কর্তৃপক্ষের সন্দেহ হলে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তরের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।

অপরাধ প্রমাণিত হওয়ায় ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ৯২ (১) ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর জানান, পুলিশের ভুয়া পরিচয় দিয়ে সুবিধা নেওয়ার সময় ওই যুবককে হাতেনাতে ধরা হয়। প্রতারণা ও অনিয়ম রোধে জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঘটনার পর পাম্প এলাকায় সাধারণ মানুষের ভিড় জমে যায়। স্থানীয়রা জানান, সরকারি পরিচয়ে প্রভাব খাটিয়ে বিভিন্ন স্থানে এমন প্রতারণার ঘটনা প্রায়ই শোনা যায়, প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপ প্রশংসনীয়।