উদ্বোধন
দুটি পাকা রাস্তা ও একটি মসজিদের উন্নয়নকাজের উদ্বোধন।   ছবি: আরটিএনএন

জয়পুরহাটে জেলা পরিষদের অর্থায়নে দুটি পাকা রাস্তা ও একটি মসজিদের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। 

রোববার (৫ এপ্রিল) সকালে এসব প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, জয়পুরহাট পৌর শহরের ডায়াবেটিক হাসপাতাল এলাকা এবং সদর উপজেলার ভাদসা ইউনিয়নের পশ্চিম আদিবাসী এলাকায় পৃথক দুটি রাস্তা পাকাকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০ লাখ টাকা ব্যয়ে এই দুটি রাস্তার নির্মাণকাজ সম্পন্ন করা হবে।

এ ছাড়া সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ধুলাতর মাস্টার পাড়া বায়তুল ফালাহ জামে মসজিদের সংস্কার ও উন্নয়নকাজের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মো. মাসুদ রানা প্রধান বলেন: গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে প্রতিটি এলাকাকে আধুনিকায়ন করা হচ্ছে। এই দুটি রাস্তা নির্মিত হলে এলাকাবাসী দীর্ঘদিনের কাদা-পানির দুর্ভোগ থেকে মুক্তি পাবেন এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের উন্নতি হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান এবং জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে গ্রামীণ জনপদের এমন উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।