প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী   ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহ্দী আমিন ও আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)। রোববার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়সংক্রান্ত দাপ্তরিক তথ্য প্রেস, মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে প্রচার ও সরবরাহের জন্য তাদের এ দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান-এর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর মাহ্দী আমিনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়। বর্তমানে তিনি শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

মাহ্দী আমিন পূর্বে ২০১৪ সালে বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ছিলেন। এছাড়া ২০২৪ সালে তিনি বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব নেন এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, গত ১৯ ফেব্রুয়ারি আবু আব্দুল্লাহ এম ছালেহকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছেন।

পেশাগত জীবনে সালেহ শিবলী বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক মানবজমিন, বাংলাবাজার পত্রিকা এবং চ্যানেল আইসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। এছাড়া তিনি ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এবং ২০০৪ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।