মঞ্চে ‘অতিথি’ হিসেবে ছাত্রদল নেতা: অনুষ্ঠান বয়কট ডাকসু প্রতিনিধির,  শিক্ষা, ঢাবি,
মঞ্চে ‘অতিথি’ হিসেবে ছাত্রদল নেতা: অনুষ্ঠান বয়কট ডাকসু প্রতিনিধির।   ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। হল শাখা ছাত্রদলের আহ্বায়ককে ‘অলিখিত’ অতিথি হিসেবে মঞ্চে বসানোকে কেন্দ্র করে অনুষ্ঠান বয়কট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার।

শনিবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় হল শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আবিদ হাসানকে। তবে বিষয়টি নিয়ে আপত্তি তোলে ফজলুল হক মুসলিম হল সংসদ। পরে ডাকসু প্রতিনিধিরা হল প্রভোস্টের সঙ্গে আলোচনা করলে আনুষ্ঠানিক তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়।

কিন্তু অনুষ্ঠান চলাকালে পুরস্কার বিতরণী পর্বে অতিথিদের জন্য নির্ধারিত আসনে আবিদ হাসানকে বসে থাকতে দেখা যায়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান বয়কট করেন ইকবাল হায়দার।

ইকবাল হায়দার বলেন, “অনুষ্ঠানের প্রস্তুতি থেকে শুরু করে সবকিছুতেই হল প্রশাসনের গাফিলতি ছিল। আমাদের আগের দিন রাত ১১টায় অতিথিদের তালিকা জানানো হয়। সেখানে তাঁর নাম দেখে আমরা আপত্তি জানাই। প্রথমে বলা হয় নাম থাকবে, পরে তা সরানো হয়—এমন আশ্বাসে আমি অনুষ্ঠানে যোগ দিতে সম্মত হই।”

তিনি আরও বলেন, “পুরস্কার বিতরণীর সময় গিয়ে দেখি তিনি মঞ্চে বসে আছেন। শুরুতে ভেবেছিলাম আনুষ্ঠানিকভাবে নয়, এমনিতেই বসেছেন। কিন্তু পরে দেখি হল প্রভোস্ট নিজেই তাঁকে দিয়ে পুরস্কার দেওয়ার নির্দেশনা দিচ্ছেন। তখনই আমি অনুষ্ঠান বয়কট করি।”

হল কমিটির বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর ভাষায়, “আগে ছাত্রলীগের হল কমিটির নেতাদের প্রভাব খাটানোর অভিযোগ শুনতাম। আজ একই ধরনের একটি চিত্র দেখলাম। হল প্রভোস্ট রাজনৈতিক দলের নেতাকে বিশেষ অতিথি বানিয়ে সেই কমিটিকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন।”

এদিকে, হল সংসদের ভিপি খন্দকার মোহা. আবু নাঈম অভিযোগ করেন, অনুষ্ঠান আয়োজনের বিষয়ে হল প্রশাসন সংসদের সঙ্গে যথাযথভাবে আলোচনা করেনি।

তিনি বলেন, “অনুষ্ঠান নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। বারবার জানানোয় গতকাল রাত ৯টায় একটি সভা হয়। সেখানে কারা উপস্থিত থাকবেন বা বক্তব্য দেবেন—এ বিষয়ে জানতে চাইলে কোনো রাজনৈতিক নেতার উপস্থিতির কথা আমাদের জানানো হয়নি।”

ঘটনাটি ঘিরে ক্যাম্পাসে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।