মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে নৌ অবরোধের ঘোষণার পর এবার সরাসরি টেলিভিশনে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার (১২ এপ্রিল) ফক্স নিউজের 'সানডে মর্নিং ফিউচার্স' অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইরানের বিরুদ্ধে তাঁর অবস্থান আরও কঠোরভাবে তুলে ধরেছেন।

ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে কোন জাহাজ যাবে আর কোনটা যাবে না, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইরানের নেই। তাঁর বক্তব্য হলো, হয় সব জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত হবে, নয়তো কেউই যেতে পারবে না। 'ইরান যাদের পছন্দ করে শুধু তাদের কাছে তেল বেচে আয় করবে, এটা আমরা হতে দেব না,' বলেন তিনি।

পরিকল্পিত এই নৌ অবরোধকে ভেনেজুয়েলায় আরোপ করা অবরোধের সঙ্গে তুলনা করেছেন ট্রাম্প, তবে এবার পরিসর হবে আরও বড়। তিনি দাবি করেছেন, এর ফলে আরও বেশি তেলবাহী ট্যাংকার যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে আসবে।

সাক্ষাৎকারে ইরানের বেসামরিক জ্বালানি অবকাঠামোয় হামলার হুমকিও পুনরায় দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, 'আমি একদিনেই ইরানকে শেষ করতে পারি। তাদের পুরো জ্বালানি ব্যবস্থা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র — সব কিছু।'

ইসলামাবাদে আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্পের এই ধারাবাহিক হুমকি স্পষ্ট করে দিচ্ছে, কূটনীতির পথ এই মুহূর্তে কতটা সংকুচিত। নৌ অবরোধ কার্যকর হলে বৈশ্বিক তেল সরবরাহে যে ধাক্কা লাগবে, তা সামলানোর সক্ষমতা বিশ্ব অর্থনীতির আছে কি না, সেই প্রশ্ন এখন সামনে আসছে।