পুতিনের সঙ্গে কথা বললেন ইরানের প্রেসিডেন্ট
পুতিনের সঙ্গে কথা বললেন ইরানের প্রেসিডেন্ট।   ছবি: সংগৃহীত

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 

রবিবার (১২ এপ্রিল) এক ফোনালাপে তারা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ক্রেমলিন জানায়, পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার বিস্তারিত পুতিনকে অবহিত করেছেন পেজেশকিয়ান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ‘উত্তেজনা প্রশমনে’ মস্কোর অবস্থানের প্রশংসা করেন এবং পুতিনকে ধন্যবাদ জানান তিনি।

ফোনালাপে পুতিন মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে এবং ‘ন্যায়সংগত ও স্থায়ী শান্তি’ প্রতিষ্ঠায় তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার ‘প্রস্তুতি’ ব্যক্ত করেন।

ইরানি প্রেসিডেন্টের কার্যালয় জানায়, দুই নেতা সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন, যার মধ্যে যুদ্ধবিরতির বর্তমান অবস্থা ছিল গুরুত্বপূর্ণ বিষয়।

এই আলোচনা অনুষ্ঠিত হয় পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ব্যর্থ হওয়ার পরপরই।

বিশ্লেষকদের মতে, রাশিয়া দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা বজায় রেখেছে এবং অস্ত্র বিনিময়ের পাশাপাশি স্যাটেলাইট সহায়তাও দিয়ে আসছে। তবে এখন পর্যন্ত রাশিয়া সরাসরি এই সংঘাতে জড়ায়নি।

সূত্র: আল-জাজিরা