সমাজের চাপে নয়, সময় নিয়ে বিয়েতে বিশ্বাসী সাফা কবির
সমাজের চাপে নয়, সময় নিয়ে বিয়েতে বিশ্বাসী সাফা কবির   ছবি: সংগৃহীত

বিয়ে নিয়ে প্রশ্নের মুখে প্রায়ই পড়তে হয় সাফা কবিরকে। তবে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে জানালেন জনপ্রিয় এই অভিনেত্রী। সমসাময়িক অনেক সহকর্মী ও বন্ধুরা সংসার জীবন শুরু করলেও তিনি এখনই বিয়ে নিয়ে কোনো তাড়াহুড়া অনুভব করছেন না।

সাফা কবির জানান, পরিবার থেকেও তাঁর ওপর বিয়ের জন্য কোনো চাপ নেই। ছোটবেলা থেকেই বাবা-মা তাঁকে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

অভিনেত্রীর ভাষায়, তাঁর বাবা-মা কখনোই নির্দিষ্ট কোনো পেশা বা জীবনপথ বেছে নেওয়ার জন্য চাপ দেননি। বরং যে পথে নিজেকে সুখী মনে করবেন, সেটিই বেছে নিতে বলেছেন। অভিনয়ে আসার সময় সামাজিক নানা মন্তব্য শুনতে হলেও পরিবার সব সময় তাঁর পাশে ছিল।

সাফা বলেন, তাঁকে ঘিরে যত আলোচনা হোক না কেন, বাবা-মা সব সময় তাঁর সিদ্ধান্তকে সম্মান করেছেন। বিয়ে নিয়েও তাঁরা কখনো তাড়া দেননি বলে জানান তিনি।

বিয়ে সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে সাফা কবির বলেন, বয়স বা সমাজের কথা ভেবে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতী নন তিনি। তাঁর মতে, শুধু মানুষ কী বলবে এই ভয়ে তড়িঘড়ি বিয়ে করার চেয়ে সময় নিয়ে সঠিক মানুষকে বেছে নেওয়াই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সম্পর্কের ভরসা ও মানসিক শান্তি সবচেয়ে জরুরি। অস্থির সিদ্ধান্ত নিয়ে বিয়ে করে পরে বিচ্ছেদের মুখে পড়ার চেয়ে আস্থার সঙ্গে পথ চলাই ভালো।

ভবিষ্যৎ জীবনসঙ্গী সম্পর্কে জানতে চাইলে সাফা জানান, তিনি এমন একজন মানুষের অপেক্ষায় আছেন, যার সঙ্গে আজীবন স্বচ্ছন্দে থাকা যাবে। আপাতত তেমন কাউকে এখনো খুঁজে পাননি বলেও অকপটে স্বীকার করেন তিনি।

সাফার মতে, বাহ্যিক সৌন্দর্য নয় মানুষ হিসেবে ভালো হওয়াটাই আসল। সততা, আন্তরিকতা, দায়িত্ববোধ, বোঝাপড়া ও সহযোগিতার মানসিকতা থাকলেই তাঁর কাছে সেটাই যথেষ্ট।

সিমু/আরটিএনএন