এ বছর চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক পাচ্ছেন অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা
এ বছর চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক পাচ্ছেন অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা   ছবি: সংগৃহীত

এ বছর চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক পাচ্ছেন অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। 

 ববিতা বলেন, ‘একুশে পদক পাচ্ছি, এই খবরে আমি ভীষণ ভীষণ আনন্দিত। এটা অত্যন্ত আনন্দের বিষয়। খবরটি ভালো লাগছে শুনে। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ।’

ফরিদা আক্তার পপি, যিনি চলচ্চিত্রে ‘ববিতা’ নামেই সমধিক পরিচিত, ৭০-এর দশকে বাংলাদেশের চলচ্চিত্রের শীর্ষ নায়িকা ছিলেন।

১৯৭৩ সালে প্রখ্যাত নির্মাতা সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমায় ‘অনঙ্গ বউ’ চরিত্রে অভিনয় করে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়ান। সিনেমাটি ২৩তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ‘গোল্ডেন বিয়ার’ জয় করেছিল।

 তিন দশকের ক্যারিয়ারে ববিতা ৩৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ১৯৭৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতে ইতিহাস গড়েন। 

এছাড়া ১৯৯৬ সালে শ্রেষ্ঠ প্রযোজক এবং পরবর্তীতে পার্শ্ব চরিত্রেও শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ‘আজীবন সম্মাননা’ দেয়া  হয়।

 ববিতা অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নয়নমনি’, ‘বসুন্ধরা’, ‘বাঁদী থেকে বেগম’, ‘রামের সুমতি’ ও ‘কে আপন কে পর’।

এমআর/আরটিএনএন