রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন অরিজিৎ সিং।
রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন অরিজিৎ সিং।   ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং রাজনীতিতে নামছেন এমন গুঞ্জন ঘিরে সম্প্রতি বেশ আলোচনা চলছিল। কেউ কেউ দাবি করেছিলেন, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি একটি রাজনৈতিক দলের প্রার্থী হিসেবেও দেখা যেতে পারেন। অবশেষে এসব জল্পনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এই শিল্পী।

আবহ সংগীত থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর থেকেই অরিজিতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা আলোচনা শুরু হয়। এরই মধ্যে ভারতের একাধিক প্রভাবশালী গণমাধ্যমে দাবি করা হয়, তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হতে যাচ্ছেন। এমনকি নিজস্ব রাজনৈতিক দল গঠনের প্রস্তুতির কথাও শোনা যায়।

পরবর্তী সময়ে গুঞ্জনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বিজেপিতে তার যোগ দেওয়ার সম্ভাবনা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই আলোচনা বিনোদন অঙ্গন ছাড়িয়ে রাজনৈতিক মহলেও আলোড়ন তোলে।

দীর্ঘদিন নীরব থাকার পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) এক ভক্তের প্রশ্নের জবাবে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান অরিজিৎ সিং। রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি মন্তব্য করেন, মানুষের কাজই হলো খবর বানানো। যে যা খুশি তাই বলছে।

তার এই বক্তব্য থেকেই স্পষ্ট, আপাতত রাজনীতিতে নামার কোনো পরিকল্পনা নেই এই গায়কের। যদিও তার এক্স অ্যাকাউন্ট এখনো ভেরিফায়েড নয়, তবু ওই মন্তব্যটি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

সিমু/আরটিএনএন