দেশের মাল্টিপ্লেক্সে একসঙ্গে মুক্তি পেয়েছে হলিউডের তিনটি নতুন সিনেমা।
দেশের মাল্টিপ্লেক্সে একসঙ্গে মুক্তি পেয়েছে হলিউডের তিনটি নতুন সিনেমা।   ছবি: সংগৃহীত

দেশের মাল্টিপ্লেক্সে একসঙ্গে মুক্তি পেয়েছে হলিউডের তিনটি নতুন সিনেমা। স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকে প্রদর্শিত হচ্ছে ‘২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’, ‘মার্সি’ এবং ‘প্রাইমেট’।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, আন্তর্জাতিক বাজারে আলোচনায় থাকা এই ছবিগুলো দেশীয় দর্শকদের কাছেও সাড়া ফেলবে বলে তারা আশা করছেন।

‘২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’

জনপ্রিয় ‘২৮ ডেজ লেটার’ ফ্র্যাঞ্চাইজির ধারাবাহিকতায় নির্মিত নতুন কিস্তি এটি। সিরিজের আগের ছবির সাফল্যের পর নির্মাতা নিয়া ডা কস্টা নতুন গল্প নিয়ে হাজির হয়েছেন। গত ১৬ জানুয়ারি আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া এই ছবিতে অভিনয় করেছেন র‍্যালফ ফিয়েনেস, জ্যাক ও’কনেল, আলফি উইলিয়ামস ও এরিন কেলিম্যানসহ আরও অনেকে।

‘মার্সি’

বিজ্ঞান কল্পকাহিনী ঘরানার এই চলচ্চিত্র পরিচালনা করেছেন তৈমুর বেকমাম্বেটভ। ক্রিস প্র্যাট অভিনীত এক গোয়েন্দা চরিত্রকে ঘিরে আবর্তিত হয়েছে গল্প। স্ত্রী হত্যার অভিযোগে অভিযুক্ত সেই গোয়েন্দাকে নিজের নির্দোষিতা প্রমাণের জন্য মাত্র ৯০ মিনিট সময় দেয় এক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিচারব্যবস্থা। সময় ফুরোলেই এআই নির্ধারণ করবে তার ভাগ্য। রেবেকা ফার্গুসনও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন।

‘প্রাইমেট’

হরর ঘরানার এই সিনেমা পরিচালনা করেছেন জোহানেস রবার্টস। হাওয়াইয়ের নির্জন এলাকায় এক পোষা শিম্পাঞ্জির আচমকা হিংস্র হয়ে ওঠা এবং তার জেরে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে কাহিনি। টিকে থাকার লড়াইয়ে নামা একটি পরিবারের দুঃস্বপ্নময় অভিজ্ঞতাই ছবির মূল উপজীব্য। অভিনয়ে রয়েছেন জনি সিকোইয়া, জেসিকা আলেকজান্ডার ও ট্রয় কোটসুর প্রমুখ।

বৈচিত্র্যময় তিনটি ভিন্ন ঘরানার সিনেমা একসঙ্গে মুক্তি পাওয়ায় দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে বাড়তি আকর্ষণ তৈরি হয়েছে।

সিমু/আরটিএনএন