ডিএমপি, সংসদ নির্বাচন
নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।   ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজধানী ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ভোটকেন্দ্রের নিরাপত্তার পাশাপাশি পুলিশের বিশেষায়িত বিভিন্ন ইউনিট মাঠে মোতায়েন থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, ঢাকায় ডিএমপির ২৬ হাজার ৫১৫ জন সদস্য নির্বাচনের বিভিন্ন দায়িত্বে মোতায়েন করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া কেন্দ্রের বাইরে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও রিজার্ভ ফোর্স প্রস্তুত থাকবে।
ডিএমপির এ কর্মকর্তা জানান, বিশেষায়িত বোম্ব ডিজপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ ইউনিট ও ক্রাইম সিন ভ্যানও মাঠে মোতায়েন থাকবে, যাতে যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়।

তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্তমানে কোনো ধরনের হুমকি বা ঝুঁকির আশঙ্কা নেই, তবে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নিশ্চিন্তে, নির্ভয়ে এবং নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে আপনাদের মৌলিক অধিকার প্রয়োগ করতে পারবেন। পুলিশ আপনাদের পাশে রয়েছে।

কোনো সম্ভাব্য হুমকি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে সুনির্দিষ্ট কোনো হুমকির তথ্য নেই। তবুও সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ আশা করছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে।