‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতায় ভেঙে পড়েছিলেন আমির খান।
‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতায় ভেঙে পড়েছিলেন আমির খান।   ছবি: সংগৃহীত

বলিউডের অভিনেতা আমির খান চার বছর ধরে নতুন কোনো সিনেমায় অভিনয় করেননি। ‘লাল সিং চাড্ডা’ সিনেমার ব্যর্থতার পর একসময় অভিনয় ছাড়ার কথাও ভেবেছিলেন তিনি।

২০২২ সালে মুক্তি পাওয়া ‘লাল সিং চাড্ডা’ ছবিটি দীর্ঘ তিন বছর ধরে নির্মিত হয়েছিল। মুক্তির আগে প্রত্যাশা থাকলেও মুক্তির পর তা পূরণ হয়নি। সমালোচনার মুখে পড়ে ছবিটি বাণিজ্যিকভাবেও সফল হতে পারেনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান বলেন, ছবিটির ব্যর্থতার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সারা দিন বিষয়টি নিয়ে ভাবতে গিয়ে তাঁর চোখে পানি চলে আসত। তিনি স্বীকার করেন, অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে তিনি ছবিটির সাফল্য নিয়ে ভুল ধারণা করেছিলেন।

‘লাল সিং চাড্ডা’ সিনেমার ব্যর্থতার পর চার বছর কেটে গেছে। আর কোনো সিনেমায় অভিনয় করেননি তিনি। ভেবেছিলেন সিনেমা ছেড়ে দেবেন। যদিও সেই সিদ্ধান্ত থেকে বিরত থেকেছেন। তবে কবে আবার পর্দায় মুখ দেখাবেন তিনি, তা নিয়ে সন্দিহান আমির খান নিজেই। 

সুপার হিট সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর গল্পই হিন্দিতে বলার চেষ্টা করেছেন আমির খান। সেই সিনেমার স্বত্ব কেনার জন্য নায়ককে সাহায্য করে একটি সংস্থা। আর সেই সিনেমার স্বত্ব কেনার জন্য নায়ককে ১৮০ কোটি টাকা দেয় ওই সংস্থাটি। কিন্তু তারপর সেই সিনেমার বিষয়ে তাদের কোনো মতামতই নেওয়ার প্রয়োজন মনে করেননি আমির খান। ভেবেছিলেন সহজেই তার সেই সিনেমা ৩০০ কোটির ব্যবসা করবে। কিন্তু তা হয়নি। স্বপ্নভঙ্গ হয় তার। 

তিনি আরও বলেন, কঠিন সেই সময়ে তাঁর মা, দুই বোন, সন্তান ও সাবেক স্ত্রী তাঁকে সমর্থন দিয়েছেন।

বর্তমানে তিনি ছেলে জুনাইদের নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকলেও, আবার কবে পর্দায় ফিরবেন, তা এখনো নিশ্চিত নয়।