‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে একচ্ছত্র আধিপত্য।
‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ ছয় দিনে ৯০০ কোটি রুপির রেকর্ড।   ছবি: সংগৃহীত

আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং অভিনীত স্পাই থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ মুক্তির ছয় দিনে বিশ্বজুড়ে ৯০০ কোটি টাকার বেশি আয় করে নতুন রেকর্ড গড়েছে। ১৯ মার্চ মুক্তিপ্রাপ্ত এই সিনেমা শুরু থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে, জানায় দ্য টাইমস অফ ইন্ডিয়া।

মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করে ১০২ কোটি ৫৫ লাখ রুপি। দ্বিতীয় দিনে আয় কিছুটা কমে ৮০ কোটি ৭২ লাখ রুপি হলেও তৃতীয় দিন থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। ঈদের ছুটির দিনে সিনেমাটি ১১৩ কোটি রুপি আয় করে। ছয় দিনে ভারতের বক্স অফিসে মোট আয় দাঁড়িয়েছে ৭০০ কোটি রুপি, যা সাম্প্রতিক সময়ের দ্রুততম আয়ের রেকর্ড।

ছবিটি মাত্র ছয় দিনে হিন্দি সিনেমার ইতিহাসের বড় রেকর্ডগুলোও ভেঙেছে। শাহরুখ খানের পাঠান (৫৪৩ কোটি), রণবীর কাপুরের অ্যানিমেল (৫৫৬ কোটি), সানি দেওলের গদর টু (৫২৫ কোটি) এবং বাহুবলী ২ (৫১১ কোটি) – সব রেকর্ডকে পেছনে ফেলেছে ‘ধুরন্ধর ২’।

বক্স অফিস বিশ্লেষকরা মনে করছেন, বর্তমানে যদি সিনেমার দর্শক আগ্রহ একই থাকে, তবে খুব দ্রুত এটি ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করতে পারে এবং বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার হিসেবে স্থান পাবে।

ঈদের ছুটির এই সময়ে ‘ধুরন্ধর ২’ শুধু হিট সিনেমা নয়, এটি এখন বক্স অফিসে এক রেকর্ড-ব্রেকিং ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।