ব্যাংকিং খাত
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।   ছবি: সংগৃহীত

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভবিষ্যতে ব্যাংকিং খাতের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তাই ব্যাংকগুলোকে এখন থেকেই স্বচ্ছতা, জবাবদিহি এবং পেশাগত উৎকর্ষ নিশ্চিত করতে হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত সোনালী ব্যাংকের ‘বার্ষিক সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের অর্থনৈতিক পরিস্থিতি যতটা সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করেছে। তবে দীর্ঘমেয়াদী সংস্কার ও ভবিষ্যতের সংকট মোকাবেলার দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের ওপরই থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, খেলাপি ঋণ কমাতে ঋণ বিতরণের ক্ষেত্রে ব্যাংকগুলোকে আরও সতর্ক এবং সাহসী হতে হবে। তিনি বলেন, ব্যাংকগুলোকে ঋণগ্রহীতার পরিশোধ সক্ষমতা বিবেচনায় নিয়ে ঋণ দিতে হবে এবং খেলাপি ঋণ আদায়ে দ্বিধা না করে কার্যকর ভূমিকা নিতে হবে। এছাড়া রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং রপ্তানি বাণিজ্যে ব্যাংকগুলোর ভূমিকার প্রয়োজনীয়তাও তিনি উল্লেখ করেন।

সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের আর্থিক চিত্রও তুলে ধরা হয়। বর্তমানে দেশের শীর্ষ এই ব্যাংকের ১ হাজার ২৩৪টি শাখা রয়েছে। ব্যাংকের আমানতের পরিমাণ ১ লাখ ৭৯ হাজার ৮৭৮ কোটি টাকা, আর ঋণের পরিমাণ ১ লাখ ৪ হাজার ৭২৩ কোটি টাকা। বর্তমানে ব্যাংকের খেলাপি ঋণের হার ১৫.৩৪ শতাংশ। তবে সোনালী ব্যাংক চলতি বছরে ১০ হাজার কোটি টাকার বেশি মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।