দূষিত শহর, আবহাওয়া
বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা।   ছবি: সংগৃহীত

শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ার কারণে বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় ওপরের দিকেই রয়েছে ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, আজ রোববার রাজধানীর বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকার বায়ুর মান সূচক (একিউআই) ছিল ২৪৩। এ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা।

একই সময়ে তালিকার শীর্ষে রয়েছে মিশরের রাজধানী কায়রো, যেখানে একিউআই স্কোর ২৪৬। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে ভারতের কলকাতা (স্কোর ২১০) ও মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর (স্কোর ২০৪)।

দূষিত শহরের শীর্ষ দশে থাকা অন্যান্য শহরের একিউআই স্কোর ১৫৪ থেকে ১৯১-এর মধ্যে রয়েছে বলে জানিয়েছে আইকিউএয়ার।

বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। আর ১৫১ থেকে ২০০ হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়। এ ধরনের পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।