পারিবারিক কলহের জের: কালকিনিতে ইউপি সদস্যের ছেলের আত্মহত্যা।
পারিবারিক কলহের জের: কালকিনিতে ইউপি সদস্যের ছেলের আত্মহত্যা।   ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কল সইতে না পেরে মো. সজীব আকন (২৪) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার কয়ারিয়া ইউনিয়নের পূর্বচর কয়ারিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সজীব আকন ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার কহিনুর বেগম ও জাহাঙ্গীর আকনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সজীবের সাথে তার পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি নিজের ঘরের ফ্যানের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম জানান, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিক আলামতে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।"

বর্তমানে এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে।  মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।