বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ ঢাকা থেকে গ্রেপ্তার।
বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ ঢাকা থেকে গ্রেপ্তার।   ছবি: সংগৃহীত

বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি এবং বগুড়া-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৭ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হিসেবে শরিফুল ইসলাম জিন্নাহ পলাতক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলা এবং বিস্ফোরক দ্রব্য আইনসহ মোট ১০টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। জাতীয় পার্টির এই কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে।

ওসি ইকবাল বাহার বলেন, “শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে হত্যা এবং বিস্ফোরক দ্রব্য আইন-এর মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।”

প্রসঙ্গত, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের পাশাপাশি এর তথ্য গোপন, স্থানান্তর রূপান্তর ও হস্তান্তরের অভিযোগে গত বছরের জানুয়ারিতে দুদকের আবেদনের প্রেক্ষিতে শরিফুল ইসলাম জিন্নাহ ও তার স্ত্রী মোহসিনা আকতারকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত।