ইরান, বিমান হামলা
ইরানের কোম শহরের পারদিসান এলাকায় আবাসিক ভবনে হামলা করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল।   ছবি: সংগৃহীত

ইরানের কোম শহরে আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে।

ইরানি সংবাদমাধ্যম জামারান নিউজের বরাতে জানানো হয়, কোমের উপ-গভর্নর মোর্তেজা হেইদারি জানিয়েছেন, শহরের পারদিসান এলাকায় তিনটি আবাসিক ভবনে হামলা চালানো হয়। এতে অন্তত ছয়জন নিহত হন। আহতের সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।

একই তথ্য নিশ্চিত করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। সেখানে বলা হয়, ‘আমেরিকান-জায়নিস্ট আগ্রাসনের’ ফলে তিনটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের ফারস নিউজ এজেন্সি-এর বরাতে একই ধরনের তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে পশ্চিম আজারবাইজান প্রদেশের উরমিয়া শহরেও হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেখানে চারটি বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হতাহতের খবর পাওয়া গেছে।

ইরানি সংবাদমাধ্যম নূরনিউজ জানায়, রাতভর হামলায় তেহরান, ইসফাহান, কাশান, ইয়াজদ, তাবরিজ এবং আহভাজসহ একাধিক শহর লক্ষ্যবস্তু ছিল।

তবে এসব হামলার বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।