ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘দম’।
ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘দম’।   ছবি: সংগৃহীত

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে বক্স অফিসের দৌড়ে আফরান নিশো অভিনীত ‘দম’ সিনেমাটি সবার চেয়ে এগিয়ে রয়েছে। মাল্টিপ্লেক্সে টানা দর্শক চাহিদা ও একাধিক শো হাউজফুল হওয়ার কারণে নতুন রেকর্ডও গড়েছে এই ছবি।

বিএমআর সূত্রে জানা যায়, মুক্তির পর থেকেই দেশের মাল্টিপ্লেক্সগুলোতে শক্ত অবস্থান ধরে রেখেছে ‘দম’। দর্শক চাহিদার কারণে একের পর এক শো হাউজফুল হয়ে যাচ্ছে, যা ছবিটির বক্স অফিস সাফল্যের জন্য বড় ভূমিকা রাখছে।

২০২৬ সালের প্রথম চলচ্চিত্র হিসেবে ‘দম’ মাল্টিপ্লেক্স থেকে ১ কোটি টাকার গ্রস কালেকশন অর্জনের মাইলফলক স্পর্শ করেছে। ছবিটি মুক্তির প্রথম দিন ৩০.৩৯ লাখ টাকা আয় দিয়ে যাত্রা শুরু করে। দ্বিতীয় দিনে আয় দাঁড়ায় ৩৪.০৭ লাখ টাকা, তৃতীয় দিনে তা বেড়ে হয় ৩৬.৫২ লাখ টাকা, এবং চতুর্থ দিনেও আয়ের ধারা প্রায় একই থাকে। তবে পঞ্চম দিনে কিছুটা কমে ৩২.১৭ লাখ টাকা আয় হয়।

এখনো প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি উল্লেখযোগ্য, এমনকি পঞ্চম দিনে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে মোট ৩৩টি শো প্রদর্শিত হয়, যার মধ্যে ১৯টি শো ছিল সম্পূর্ণ হাউজফুল এবং আরও ৪টি শো ছিল প্রায় পূর্ণ।

মোটামুটিভাবে, মুক্তির প্রথম পাঁচ দিনে ‘দম’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস আয় দাঁড়িয়েছে ১.৬৭ কোটি টাকা।

‘দম’ সিনেমাটি রেদওয়ান রনি পরিচালিত এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী ও ডলি জহুর। চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান এবং মো. সাইফুল্লাহ।

এছাড়া, এবারের ঈদে মুক্তি পাওয়া অন্যান্য সিনেমাগুলোর মধ্যে শাকিব খানের ‘প্রিন্স’, সিয়াম আহমেদের ‘রাক্ষস’, চঞ্চল চৌধুরীর ‘বনলতা এক্সপ্রেস’ এবং বুবলী-তুষিদের ‘প্রেশার কুকার’ থাকলেও ‘দম’ সিনেমাটি বক্স অফিসের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে।