নতুন প্রেমের গুঞ্জনে মালাইকার জবাব, সম্পর্কে জড়াতে থাকছে শর্ত।
নতুন প্রেমের গুঞ্জনে মালাইকার জবাব, সম্পর্কে জড়াতে থাকছে শর্ত।   ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরাকে ঘিরে ব্যক্তিগত জীবনের নানা গুঞ্জন যেন থামছেই না। কখনো অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের আলোচনা, আবার কখনো নতুন কোনো ব্যক্তির সঙ্গে তার নাম জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা-কল্পনা দেখা যায়। সম্প্রতি এসব বিষয় নিয়ে নিজেই মুখ খুলেছেন এই অভিনেত্রী।

একটি সাক্ষাৎকারে মালাইকা জানান, তাকে নিয়ে যে ধরনের গুঞ্জন ছড়ায় সেগুলো মাঝে মাঝে বেশ বিরক্তিকর মনে হয়। তবে আগে এসব শুনে তিনি বিরক্ত হলেও এখন বিষয়টিকে হালকাভাবে নেন। এমনকি তার ছেলে আরহান খানের সঙ্গে বসে এসব খবর পড়ে হাসাহাসিও করেন বলে জানিয়েছেন তিনি। কারও সঙ্গে নাম জড়ানোর বিষয়টিকে তারা এখন মজার ঘটনাই মনে করেন।

সম্প্রতি ‘স্প্লিটসভিলা এক্স৫’ এর পরিচিত মুখ সোরাব বেদীর সঙ্গে একটি পার্টিতে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আবারও নতুন সম্পর্কের গুঞ্জন শুরু হয়। এ প্রসঙ্গে মালাইকা বলেন, তিনি বর্তমানে নিজের জীবনকে উপভোগ করছেন এবং নতুন করে কোনো সম্পর্কে জড়ানোর জন্য ব্যস্ত নন।

অভিনেত্রীর মতে, একজন সঙ্গী থাকা অবশ্যই সুন্দর অনুভূতি, কিন্তু তিনি সক্রিয়ভাবে কাউকে খুঁজছেন না। নিজেকে একজন স্বনির্ভর নারী হিসেবে উল্লেখ করে মালাইকা বলেন, নিজের জীবন পূর্ণ করতে তার কোনো পুরুষের প্রয়োজন নেই। ভবিষ্যতে যদি তিনি কারও সঙ্গে সম্পর্কে জড়ান, তবে সেটি তার নিজের শর্ত এবং সিদ্ধান্তেই হবে।

মালাইকার ব্যক্তিগত জীবনে এর আগে দীর্ঘ সময়ের দাম্পত্য ছিল অভিনেতা আরবাজ খানের সঙ্গে। প্রায় দুই দশক একসঙ্গে থাকার পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৮ সালে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। তবে ২০২৪ সালে সেই সম্পর্কও শেষ হয়ে যায়।

এদিকে বন্ধুবান্ধব বা সহকর্মীদের সঙ্গে দেখা গেলেও অনেক সময় তা প্রেমের সম্পর্ক হিসেবে প্রচার করা হয় বলে মন্তব্য করেন মালাইকা। বিষয়টি নিয়ে রসিকতা করে তিনি বলেন, এখন এমন অবস্থা হয়েছে যে কোনো বন্ধু বা পরিচিতের সঙ্গে দেখা গেলেই তাকে তার প্রেমিক বানিয়ে দেওয়া হয়।

ক্যারিয়ারের দিক থেকেও বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। গত বছর ‘থাম্মা’ সিনেমায় রাশমিকা মান্দানার সঙ্গে তার ‘পয়জন বেবি’ গানটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। পাশাপাশি সম্প্রতি লেখক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন মালাইকা। তার লেখা ‘ইটস ইজি টু বি হেলদি’ বইটিও ইতোমধ্যে পাঠকদের নজর কেড়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সিমু/আরটিএনএন