সমুদ্রতীরে আজ শুরু ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’।
সমুদ্রতীরে আজ শুরু ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’।   ছবি: সংগৃহীত

সমুদ্রের ঢেউ আর খোলা আকাশের নিচে আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’। কক্সবাজার ফিল্ম ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবে দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে মোট সাতটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

আয়োজকদের জানানো তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল ৪টায় কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান।

উৎসবের প্রথম দিন একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে পর্দা উঠবে এই আয়োজনের। এরপর প্রদর্শিত হবে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’, অপূর্ব রানা নির্মিত ‘জলরং’ এবং বড়ুয়া সুনন্দা কাকনের পরিচালনায় নির্মিত বাংলাদেশের প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র ‘ডট’।

দ্বিতীয় দিন শনিবার বিকেল ৪টায় সমাপনী দিনের কার্যক্রম শুরু হবে সবুজ খানের পরিচালনায় নির্মিত ‘বেহুলা দরদী’ সিনেমা দিয়ে। এরপর পর্যায়ক্রমে প্রদর্শিত হবে মোস্তাফিজুর রহমান বাবুর ‘ময়নার চর’ এবং তানভীর হাসান পরিচালিত ‘মধ্যবিত্ত’।

এই উৎসব আয়োজনের সঙ্গে সহযোগিতা করছে গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, কক্সবাজার জেলা প্রশাসন এবং ঢাকা ফিল্ম ক্লাব। দর্শকদের জন্য উৎসবটি উন্মুক্ত রাখা হয়েছে।

কক্সবাজার ফিল্ম ক্লাবের সভাপতি মোহাম্মদ সেলিম বলেন, এই আয়োজনের লক্ষ্য শুধু চলচ্চিত্র প্রদর্শন নয়; বরং চলচ্চিত্রের মাধ্যমে সমাজের বাস্তবতা, মানুষের অনুভূতি এবং সময়ের গল্প তুলে ধরা। একই সঙ্গে নতুন নির্মাতাদের জন্য সৃজনশীল কাজ উপস্থাপনের একটি প্ল্যাটফর্ম তৈরি করাও এই উৎসবের অন্যতম উদ্দেশ্য। তিনি মনে করেন, চলচ্চিত্র বিনোদনের পাশাপাশি সচেতনতা ও পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হিসেবেও কাজ করতে পারে।

সিমু/আরটিএনএন