‘একাধিকবার প্রতারণা’ স্বামীর বিরুদ্ধে মৌসুমীর অভিযোগ।
‘একাধিকবার প্রতারণা’ স্বামীর বিরুদ্ধে মৌসুমীর অভিযোগ।   ছবি: সংগৃহীত

ঈদের পরপরই নতুন করে আলোচনায় উঠে এসেছে অভিনেত্রী মৌসুমী হামিদের ব্যক্তিগত জীবন। সম্প্রতি তার দাম্পত্যে ভাঙনের খবর ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনে। বুধবার থেকে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।

কিছুদিন ধরেই সরাসরি কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী লেখক ও নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে অভিনেত্রীকে দেখা যাচ্ছিল না। এমনকি এবারের ঈদও তারা একসঙ্গে উদযাপন করেননি বলে জানা গেছে।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, দাম্পত্যে অশান্তির মূল কারণ স্বামীর কথিত বিবাহবহির্ভূত সম্পর্ক। যদিও এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন রানা।

জানা গেছে, বেশ কয়েক মাস ধরে আলাদা থাকছেন এই দম্পতি। ২০২৪ সালের ১২ জানুয়ারি তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে সম্পর্ক ভালোই চলছিল বলে জানা গেলেও পরে নানা জটিলতা তৈরি হয়।

এ প্রসঙ্গে মৌসুমী হামিদ অভিযোগ করেন, তার স্বামী একাধিকবার তাকে প্রতারণা করেছেন। তিনি বলেন, প্রথমবার প্রতারণার ঘটনা ধরা পড়ে বিয়ের প্রায় আট মাসের মাথায়। তখন তিনি বিষয়টি মেনে নিয়ে সম্পর্ক ঠিক করার সুযোগ দিয়েছিলেন।

মৌসুমীর ভাষ্য, এরপরও একই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকে। সংসারের কথা ভেবে অনেক কিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষের ঘটনাটি ছিল গুরুতর। প্রমাণসহ বিষয়টি সামনে আসায় আর সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয়নি বলে জানান তিনি।

অন্যদিকে আবু সাইয়িদ রানা বলেন, প্রায় চার মাস ধরে তারা আলাদা থাকছেন। তবে এই মুহূর্তে ব্যক্তিগত বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলতে চান না তিনি। বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ প্রসঙ্গে রানা দাবি করেন, এসব কথা সত্য নয় এবং এগুলো কেবল গুঞ্জন।

এদিকে ব্যক্তিগত জীবনের এই পরিস্থিতির মধ্যেও পেশাগত কাজে ব্যস্ত রয়েছেন মৌসুমী হামিদ। বর্তমানে তিনি নাটক, অভিনয় এবং উপস্থাপনার বিভিন্ন কাজে সময় দিচ্ছেন।

সিমু/আরটিএনএন