ইসলামী ব্যাংক, এমডি, নাবিল মুস্তাফিজুর রহমান,
সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি নাবিল মুস্তাফিজুর রহমান।   ছবি: সংগৃহীত

রাষ্ট্রমালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) নাবিল মুস্তাফিজুর রহমান।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত রোববার (১৭ ফেব্রুয়ারি) সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে নাবিল মুস্তাফিজুর রহমানকে এমডি হিসেবে নিয়োগে সরকারের সম্মতির কথা জানিয়েছে। যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন।

চিঠিতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী তার নিয়োগ সংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য ব্যাংকের পর্ষদ চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ডিগ্রি অর্জনকারী নাবিল মুস্তাফিজুর রহমানের ব্যাংকিং খাতে অভিজ্ঞতা প্রায় ৩১ বছরের। ইউসিবিতে এএমডি হিসেবে তিনি ঝুঁকি ব্যবস্থাপনা, ইসলামিক ব্যাংকিং ও ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ব্র্যাক ব্যাংকের ডিএমডি এবং হাবিব ব্যাংক লিমিটেডের বাংলাদেশে কান্ট্রি চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক—এই পাঁচটি ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা; বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার থেকে আসবে।