বিশ্ববাজার, বাংলাদেশ, স্বর্ণ, রুপা, দাম, যুক্তরাষ্ট্র, শুল্ক, রাজনৈতিক,
বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম।   ফাইল ছবি

বৈশ্বিক অস্থিরতায় রাজনৈতিক ভারসাম্যহীনতার মধ্য দিয়ে বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণ ও রুপার দাম। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপড়েন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্কের হুমকির পর বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে মূল্যবান ধাতুর দিকে ঝুঁকেছেন। এর ফলেই তরতরিয়ে স্বর্ণ ও রুপার দাম বাড়ছে বলে জানান বিশ্লেষকরা।

সোমবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ১টা ৩৯ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৬৬৬ দশমিক ৬৫ ডলারে পৌঁছায়। এর আগে এটি সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৬৮৯ দশমিক ৩৯ ডলার ছুঁয়েছিল। ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ১ দশমিক ৭ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৬৭১ দশমিক ৪০ ডলারে উঠেছে।

স্টোনএক্সের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, ভূরাজনৈতিক উত্তেজনার ফলে স্বর্ণের মূল্যবৃদ্ধি দেখা যাচ্ছে। তার ভাষায়, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকি বাস্তব। আমরা ন্যাটোর অবসান ও ইউরোপের ভেতরে রাজনৈতিক ভারসাম্যহীনতার দিকে এগিয়ে যাচ্ছি।

এদিকে স্পট মার্কেটে রুপার দাম ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৯৩ দশমিক ৫০ ডলারে ওঠে, যা এর আগে রেকর্ড সর্বোচ্চ ৯৪ দশমিক ০৮ ডলার ছুঁয়েছিল। ওসিবিসির কৌশলবিদ ক্রিস্টোফার ওং বলেন, ২০২৫ সালের শেষ দিকে প্রায় ১০৫-এর কাছাকাছি থাকা স্বর্ণ-রুপা অনুপাত নেমে ৫০-এর ঘরে এসেছে, যা স্বর্ণের তুলনায় রুপার অতিরিক্ত ভালো পারফরম্যান্সের সংকেত দিচ্ছে।

জেপি মরগ্যানের বিশ্লেষকেরা জানান, রুপার তুলনায় স্বর্ণের প্রতি তাদের ঝোঁক বেশি। তাদের মতে, রুপার দামে বড় হেরফের হলে তা স্বল্পমেয়াদে স্বর্ণেও প্রভাব ফেলতে পারে।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট প্লাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ২ হাজার ৩৫৩ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে। আর প্যালাডিয়ামের দাম ০ দশমিক ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৮০৪ দশমিক ০৬ ডলারে পৌঁছেছে।

এদিকে দেশের বাজারে আজ সোমবার (১৯ জানুয়ারি) প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকায় লেনদেন হচ্ছে।

সূত্র: রয়টার্স