আফগানিস্তান, পাকিস্তান
আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় পাকিস্তান সামরিক বিমান হামলা চালিয়েছে।   ছবি: সংগৃহীত

আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে এ হামলা চালানো হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবান সরকার এ হামলার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে আফগান সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা-কে জানিয়েছে, দেশটির অন্তত দুটি প্রদেশকে লক্ষ্য করে পাকিস্তানের সামরিক বাহিনী এ হামলা চালিয়েছে।

সূত্রটির দাবি, পাকতিকা প্রদেশের একটি মাদ্রাসায় ড্রোন হামলা হয়েছে। অপর হামলাটি হয়েছে নানগারহার প্রদেশে।

অন্যদিকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও তাদের সহযোগী সংগঠনের সাতটি গোপন আস্তানা ও ক্যাম্পে হামলা চালিয়েছে। এছাড়া ইসলামিক স্টেট সংশ্লিষ্ট একটি সংগঠনের ক্যাম্পেও অভিযান চালানোর কথা বলা হয়েছে।

পাক মন্ত্রণালয় দাবি করেছে, রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে হামলাসহ সাম্প্রতিক কয়েকটি সন্ত্রাসী কর্মকাণ্ড আফগানিস্তানভিত্তিক সশস্ত্র নেতা ও তাদের সহযোগীদের নির্দেশনায় সংঘটিত হয়েছে।

এদিকে গতকাল রাতে খাইবার পাখতুনখাওয়ার বান্নু বিভাগে আত্মঘাতী হামলায় এক লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনা সদস্য নিহত হন। এর কিছুক্ষণ পরই আফগানিস্তানের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালায় পাকিস্তানি বাহিনী।

এর আগে বাজাউরে অস্ত্রধারীর সহায়তায় এক আত্মঘাতী হামলাকারী নিরাপত্তা চৌকির কাছে গিয়ে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে ১১ সেনা সদস্য ও এক শিশু নিহত হয়। এ হামলায় আফগানিস্তানের এক নাগরিক জড়িত বলে দাবি করেছে পাকিস্তান।

তারও আগে গত ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় ৩১ জন নিহত হন।

সূত্র: আলজাজিরা